• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

হরমুজে চলতে পারবে ৪ দেশ, বাকিদের কবে সুযোগ দেবে ইরান

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৩:৫৫
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৩:৫৫

হরমুজে চলতে পারবে ৪ দেশ, বাকিদের কবে সুযোগ দেবে ইরান
 

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে ছাড় দিয়েছে ইরান। তবে অন্য দেশগুলোর জাহাজ কবে এই সুযোগ পাবে, তা এখনো স্পষ্ট করেনি তেহরান।

গত মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম এ তথ্য জানান।

ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে তিনি বলেন, এই চার দেশের জাহাজ অবাধে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারছে। এমনকি যুক্তরাষ্ট্রও তাদের জাহাজ আটকাচ্ছে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় ইরান।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, জুলাইয়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানি আইনপ্রণেতার দাবি, ভারত থেকে ওষুধ এবং চীন থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার বিনিময়ে দেশ দুটির জাহাজ চলাচলে ছাড় দিচ্ছে তেহরান। ভারত ও চীনের জাহাজ থেকে চলাচলের ফিও নেওয়া হবে।

তবে কাতারের জাহাজ বিনা ফিতে চলাচল করতে পারবে। ইরাকের জাহাজের ক্ষেত্রে কোনো ফি নেওয়া হবে কি না, তা জানাননি তিনি।

এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে রাজস্ব আয় বাড়াতে চায় ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কার্যকারিতা দুর্বল করার চেষ্টা করছে। বিশেষ করে চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ কেনে।

তবে এই ছাড় যুক্তরাষ্ট্রের অবরোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা সব দেশের জাহাজই অবরোধের আওতায় থাকবে। তবে ইরানের বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন জাহাজের চলাচলে বাধা নেই।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের এই সিদ্ধান্ত মেনে নেবে কি না, তার ওপর নির্ভর করছে ছাড়ের কার্যকারিতা। ভারত ও চীনের জাহাজ ইরানের বন্দরে যাতায়াতের সুযোগ পেলে মার্কিন অবরোধ বাস্তবায়ন আরও কঠিন হতে পারে।

এদিকে, ছাড় পেলেই জাহাজের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। গত ৩০ অক্টোবর উপসাগরীয় অঞ্চলে কাতারের একটি এলএনজি পরিবহনকারী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে। যুদ্ধ শুরুর পর থেকে ওই অঞ্চলে ১২০টির বেশি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থাগুলো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম