ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষীণ আশা বেঁচে আছে। তবে সেই আশায় গুঁড়ে বালি ফেলতে চান দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষমতার পাশাপাশি নেতানিয়াহুকে হটিয়ে পার্লামেন্টের নিয়ন্ত্রণও নিতে চান সম্ভাব্য প্রধানমন্ত্রী।
সোমবার (৯ নভেম্বর) আনাদলু এজেন্সির এক প্রতিবেদন বলছে, ওই লক্ষ্যে নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পার্লামেন্ট স্পিকার আমির ওহানাকে সরিয়ে নিজেদের পছন্দের কাউকে ওই পদে বসাতে চাইছে গাদির নেতৃত্বাধীন বিরোধী জোট।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের দল ইয়াশার পার্টি এবং আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরায়েল বেইতেনু পার্টি পার্লামেন্টের নতুন স্পিকার হিসেবে ইয়াশার পার্টির কাউকে মনোনীত করার বিষয়ে একমত হয়েছে। বিরোধী জোটের অন্য দলগুলোর সঙ্গে আলোচনা শেষে প্রার্থীর নাম চূড়ান্ত করার কথা রয়েছে।
এ লক্ষ্যে সোমবার অতি-গোঁড়া ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুদাইজমকে (ইউটিজে) বিরোধী জোটের সঙ্গে যুক্ত হয়ে স্পিকার পরিবর্তনের উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে ইয়াশার পার্টি।
তবে ইউটিজে জানিয়েছে, নতুন সরকার গঠনের আগে স্পিকার পরিবর্তনের উদ্যোগে তারা সমর্থন দেবে না। দলটির চেয়ারম্যান ইয়াকভ আশেরের মতে, নতুন সরকার গঠনের সময়ই স্পিকার পরিবর্তন করা উচিত।
জেরুজালেম পোস্ট বলেছে, বর্তমানে ১২০ সদস্যের নেসেটে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসন ৪৮টি। আর আরব নেতৃত্বাধীন দলগুলোর আসন ১৯টি। ফলে এসব দলের সমর্থন পেলে স্পিকার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ৬১ জনের সমর্থন পাওয়া সম্ভব।
স্পিকার আমির ওহানা নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। তাকে সরাতে পারলে পার্লামেন্টের কার্যসূচি, আইন প্রণয়ন এবং বিভিন্ন কমিটির নিয়োগের ক্ষেত্রে বিরোধীদের প্রভাব বাড়বে। এতে সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
শুধু স্পিকার পরিবর্তন নয়, পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরিকল্পনা করছে বিরোধী জোট। এর মধ্যে রয়েছে নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কারের গুরুত্বপূর্ণ আইনগুলো বাতিল করা এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন।
এ ছাড়া ফৌজদারি অভিযোগে বিচারাধীন কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়া বা সরকার পরিচালনা ঠেকাতে নতুন আইন আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এমন আইন কার্যকর হলে দুর্নীতি, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু প্রভাবিত হতে পারেন। তবে এসব অভিযোগে এখনো দোষী সাব্যস্ত হননি তিনি।
এর আগে গত রোববার (৮ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি। অন্যদিকে আইজেনকোটের বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব দলগুলোর সমর্থনসহ প্রেসিডেন্টের কাছে আইজেনকোটের পক্ষে সুপারিশ করেছিলেন ৬৭ জন আইনপ্রণেতা।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে তার। তবে সরকার গঠনের আলোচনা শেষ হওয়ার আগেই পার্লামেন্টের স্পিকার পরিবর্তনের উদ্যোগ নেওয়ায় ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।












