• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:১৫
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:১৫

শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক
 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল থেকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। পরে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয়, স্টারলিংসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটির পর সকাল ১০টার দিকে শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।

একপর্যায়ে তিনটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে এসে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন।

অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশ কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধীন আশুলিয়ায় অবস্থিত সব কারখানা ১০ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া যুগান্তরকে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। নিশ্চিন্তপুর এলাকায় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। একজনের চোখের ওপরে আঘাত লেগেছে।

ওই এলাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা বলেন, এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। একটি কারখানার শ্রমিকরা বের হয়ে আশপাশের কারখানার শ্রমিকদেরও বের হতে বলেন। শ্রমিকেরা বের না হলে কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ কারণে বাধ্য হয়েই আশপাশের কারখানা ছুটি ঘোষণা করে। পরিস্থিতি খারাপ হলে তারাও শ্রমিকদের ছুটি দিয়ে দেবেন।

দুপুর দেড়টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরিবেশ শান্ত হয়। তবে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল কমে গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম