বিশ্বের সবচেয়ে বড় ও গ্ল্যামারাস সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। পুয়ের্তো রিকোর সান জুয়ান শহরে প্রতিযোগীরা এখন জমকালো গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ইন্টারনেট জুড়ে সুন্দরীদের নানা মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লেও বেশ বড়সড় কিছু বিতর্কের খবর আলোচনার ঝড় তুলেছে।
কারণ শুরুতেই বিভিন্ন কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে মোট ১৫টি দেশ। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ঝামেলার কারণে এশিয়ারই ৬টি দেশকে নিষিদ্ধ করা হয়েছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সুন্দরীরা এবার এই বিশ্বমঞ্চে লড়াই করতে পারছেন না।
তবে সুখবর হলো, এ বছর বাদ পড়লেও আগামী বছর ৭৬তম মিস ইউনিভার্স আয়োজনের দায়িত্ব পেয়েছে ভিয়েতনাম।
ফ্র্যাঞ্চাইজি বিরোধের এই ধাক্কা সামলানোর আগেই ভিসা সংক্রান্ত জটিলতায় আসর থেকে বাদ পড়েছে আরও ৫টি দেশ। নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে এবং কঙ্গো প্রজাতন্ত্রের সুন্দরীরা ভিসা জটিলতার কারণে এবার পুয়ের্তো রিকো যেতে পারছেন না।
শুধু দেশগুলোর বাধাই নয়, ব্যক্তিগত নানা কারণ ও দুর্ঘটনার জন্য ব্যক্তিগতভাবেও নাম প্রত্যাহার করে নিয়েছেন বেশ কয়েকজন প্রতিযোগী। যেমন—অস্ট্রিয়ার প্রতিনিধি ভিক্টোরিয়া অ্যামারসন নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকে সবার আগে প্রাধান্য দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
অন্যদিকে, বুলগেরিয়ার সুন্দরী আনা-মারিয়া এক মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ায় আয়োজকরা তার স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তাকে প্রতিযোগিতা থেকে বাদ রেখেছেন।
এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের মিস ইউনিভার্স স্বপ্ন থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের সামুদ্রিক অঞ্চল সেন্ট মার্টিনের ম্যাডলি মারিয়ান। আর কোনো বিশেষ কারণ না জানিয়েই আসর ছেড়েছেন মালদ্বীপের আমিনাত ইউইন মোহাম্মদ এবং মরক্কোর সারা আল্লালি।
সব মিলিয়ে একসঙ্গে এতগুলো দেশের অনুপস্থিতি ও সুন্দরীদের বিদায়ের কারণে এবারের মিস ইউনিভার্স শুরু থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।













