• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:১৫
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:১৫

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে বিমানমন্ত্রী
 

বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ
ছবি : প্রতিনিধি

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে। তবে এ প্রকল্পের আগে বগুড়ার বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ‘বগুড়ার প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে যাওয়ায় সেটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান।

বিমানমন্ত্রী বলেন, ‘ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বিমানবন্দরে কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে-এসব বিষয় নিয়ে সমীক্ষা চলছে। এটি বড় ও জটিল পরিকল্পনা। এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান আছে।’

বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে গেছে উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য পণ্য পরিবহনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা আছে। বগুড়ার কাজ শুরুর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা আছে।’

ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি ঢাকার উত্তরের বিস্তৃত অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করেন মন্ত্রী। বিমানবন্দর নির্মাণের সঙ্গে কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন জড়িত বলেও জানান তিনি।

বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে এ খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগও আছে।

কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এ ছাড়া বৃহত্তর ময়মনসিংহের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। বিশেষ করে অঞ্চলটিতে চিকিৎসকসংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

ত্রিশালের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই এলাকাকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের সুযোগ আছে।’ এ ছাড়া মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম