শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক দলীয়করণের কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কার্যকারিতা হারাচ্ছে। সিটি করপোরেশনকে ক্রমেই ময়লা পরিষ্কার ও মশা নিধনের প্রতিষ্ঠানে সীমাবদ্ধ করা হচ্ছে। এতে নগর পরিকল্পনায় নাগরিকদের অংশগ্রহণ কমার পাশাপাশি বাড়ছে অবকাঠামোগত সংকট ও নাগরিক দুর্ভোগ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন।
সংলাপে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পার হলেও দেশের নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকসের গ্লোবাল সিটিজ র্যাঙ্কিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।
তিনি বলেন, আবাসিক এলাকায় আগে চার-পাঁচতলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখন ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে যে এলাকায় কয়েক হাজার মানুষের বসবাসের কথা, সেখানে কয়েক গুণ বেশি মানুষের বসবাসের চাপ তৈরি হচ্ছে। অথচ বাড়তি জনসংখ্যার চাহিদা অনুযায়ী পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াতে সিটি করপোরেশনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে না।
রাজনৈতিক দলীয়করণ ও আমলাতান্ত্রিকতার কারণে স্থানীয় সরকারের প্রতি নাগরিকদের আস্থা কমেছে উল্লেখ করে আদিল মুহাম্মদ খান বলেন, নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক কাটাকাটির মতো সমস্যায় নাগরিকরা কার্যকর প্রতিকার পাচ্ছেন না।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০ থেকে ১২ সদস্যের ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে সিটি করপোরেশনকে শুধু ময়লা পরিষ্কার ও মশা নিধনের কাজে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয়ের ক্ষমতা দেওয়ার দাবি জানান।
আলোচনাকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। শুধু মাস্টারপ্ল্যান প্রণয়ন করলেই হবে না, তা বাস্তবায়নের জন্য ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনাও থাকতে হবে। শহরের সড়ক, ড্রেনেজ, ফুটপাতসহ অন্যান্য অবকাঠামোর তথ্য মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, একাধিক পরিকল্পনার পরিবর্তে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রয়োজন।
মূল প্রবন্ধে নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ বলেন, ১৯৬০ সালে দেশের মাত্র ৫ শতাংশ মানুষ শহরে বাস করলেও বর্তমানে নগর এলাকায় বসবাসকারীর হার প্রায় ৪২ দশমিক ৬ শতাংশ। অথচ দেশের ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তদারকিতে স্থানীয় সরকার বিভাগের জনবল মাত্র ৯০ জন। পৌরসভাগুলোতেও অনুমোদিত পদের অর্ধেকের বেশি শূন্য রয়েছে। জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার এ ঘাটতি পরিকল্পিত নগরায়ণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
নগর ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ভৌত বা স্থানিক পরিকল্পনা কাউন্সিল গঠন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন এবং পরিকল্পনাবিদ ও জিআইএস বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পনা বিভাগ চালুর সুপারিশ করেন।
সংলাপ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ সাংবাদিককে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়। একই অনুষ্ঠানে ‘ঢাকাই’ ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এবার অনলাইন ও প্রিন্ট বিভাগে নগর সংস্থার সেবা ও দুর্ভোগ ক্যাটাগরিতে ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান, নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম ও এশিয়া পোস্টের লতিফুল ইসলাম এবং নগর পরিকল্পনা ক্যাটাগরিতে ডেইলি সানের রাশেদুল হাসান পুরস্কার পেয়েছেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব।
সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক হেলিমুল আলম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সাবেক সহসভাপতি খালিদ সাইফুল্লাহ এবং সহসভাপতি ফয়সাল খান।













