• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৩:৪৯
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৩:৪৯

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, মৃত্তিকার আদিস্তর থেকে উঠে এসেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার জীবনের প্রতিটি ধাপ ছিল একটি যুদ্ধ। শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে তিনি আজীবন কাজ করে গেছেন। বিশ্বে মানবজাতির ইতিহাসে ভাসানীর মতো আর কোনো নেতা আসবেন না।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে কবি আবদুল হাই শিকদার এসব কথা বলেন।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মভাবিপ্রবি) তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এর আগে সকালে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন কবি আবদুল হাই শিকদার।

তিনি বলেন, মওলানা ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও এ দেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা। তিনি ছিলেন শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী নেতা এবং বিশ্বশান্তি ও মজলুম মানুষের মুক্তির প্রতীক। তার আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।

তিনি বলেন, মওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি; বরং রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তার দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনীতি ও সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন বলেও তিনি মনে করতেন।

 

ব্যক্তিগত স্মৃতিচারণ করে যুগান্তর সম্পাদক বলেন, তার দাদা নাজিমুদ্দিন শিকদার ছিলেন মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর এবং তার বাবা ছিলেন ভাসানীর সরাসরি ছাত্র। এমনকি জন্মের পর মওলানা ভাসানী নিজেই তার নাম রেখেছিলেন।

‘হক কথা’ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি ছিল অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মওলানা ভাসানী এমন এক ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যেখানে পড়াশোনার পাশাপাশি হাতের কাজও শেখানো হবে—যাতে পড়াশোনা শেষ করে কাউকে বেকার থাকতে না হয়। কিন্তু আমরা সবাই মিলে সেই ইসলামী বিশ্ববিদ্যালয়কে হত্যা করেছি। ভাসানীর স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিন্তা ও আদর্শকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ সময় তিনি ভাসানীর স্মৃতি সংরক্ষণে পীর শাহজামানের নামে একটি ছাত্রাবাস এবং রাবেয়া বসরীর নামে একটি ছাত্রীনিবাস প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

বক্তব্যের শেষপর্যায়ে কবি আবদুল হাই শিকদার বলেন, শুধু আলোচনা ও স্মরণসভায় সীমাবদ্ধ থাকলে মওলানা ভাসানীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে না; বরং তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তাকে যথার্থভাবে মূল্যায়ন করতে হবে।

 

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনার উপকমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন- লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজিই বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ড. একেএম মহিউদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম