• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সংসদ সদস্যদের এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ তারেক রহমানের

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:৫২
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:৫২

সংসদ সদস্যদের এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ তারেক রহমানের
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের সঞ্চালনায় বৈঠকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যদের বরাতে জানা গেছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি ছিল সরকারি দলের দ্বিতীয় বৈঠক।

এর আগে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে নির্ধারিত সময়ে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের দৈনন্দিন কার্যক্রমেও তাদের সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়।

গত রবিবার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান। একই সঙ্গে দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম