শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মেট্রোরেল কয়েকটি রুটে চলাচল শুরু হয়েছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’
তিনি আরও বলেন, ‘রাজধানীর সংকীর্ণ সড়ক ও অলিগলিতে চলাচলের ক্ষেত্রে মনোরেল কার্যকর হতে পারে। ছোট জায়গার মধ্য দিয়ে চলাচলের উপযোগী হওয়ায় এটি চালু করা গেলে সাধারণ মানুষের গণপরিবহন ব্যবহারে বাড়তি সুবিধা তৈরি হবে।’












