• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:০৮
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:০৮

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ
 

বাংলাদেশে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। এ সময় সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত বলে জানিয়েছে সংস্থাটি।

গত সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন।

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংকটির প্রতিষ্ঠাতা। তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বও দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে।

ওই সাংবাদিক জাতিসংঘের কাছে জানতে চান, সংস্থাটি ঘটনাটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে কিনা। এ বিষয়ে তাদের কোনো মন্তব্য আছে কিনা, সেটিও জানতে চান।

জবাবে ফারহান হক বলেন, ‘সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’

একই সঙ্গে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে, প্রতিবাদের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জোর দেন জাতিসংঘের এই মুখপাত্র। তিনি বলেন, ‘বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান।

এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করেন।

সূত্র: জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম