• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পুলিশের কাছে গোয়েন্দা তথ্য নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:৩৭

পুলিশের কাছে গোয়েন্দা তথ্য নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশজুড়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও যানবাহন লক্ষ্য করে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা ও অগ্নিসংযোগে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে এবং সাতজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা দায়ের এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুলিশের দুটি স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় জানানো হয়েছে, নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

লকডাউন ঘিরে পুলিশের বাড়তি প্রস্তুতি

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাশকতাকারীরা থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রাজধানীর প্রবেশমুখগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি বাড্ডা, রামপুরা ও হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে দূরপাল্লার বাস, যাত্রীদের ব্যাগ এবং মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সচেতন থাকবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা মহানগরবাসীর নিরাপত্তায় ব্লক রেইড, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন কর্মসূচির সত্যতা যাচাই করে তা প্রতিরোধে কাজ করছে পুলিশ।

নাশকতা মোকাবিলায় পুলিশের কৌশল ও মাঠপর্যায়ের চিত্র

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতাকারীরা পুলিশ ও তাদের স্থাপনায় হামলা চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি চালাতে বাধ্য করতে চাইছে। তবে সরকার গুলি না চালিয়ে বিকল্প উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলছে। এ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে বা দলীয় নেতা-কর্মীদের মাঠে উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, গোপালগঞ্জে ২ হাজার পুলিশ, ১০ প্লাটুন বিজিবি ও এসআরবি মোতায়েন থাকার পরও থানায় হামলা হয়েছে। নাশকতাকারীরা জানে যে পুলিশ গুলি চালাবে না—এ কারণেই কেবল ফোর্স বাড়িয়ে কাজ হচ্ছে না। তাই পুলিশ এখন আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তল্লাশিচৌকি বাড়ানোর ওপর জোর দিচ্ছে। এ ছাড়া বিদেশে পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা নাশকতায় বিপুল অর্থ জোগান দিচ্ছেন উল্লেখ করে পুলিশ জানিয়েছে, অর্থের এই উৎস বন্ধে কাজ চলছে।

এদিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি জেলায় এক মন্ত্রীর উপস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সেখানে বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, আওয়ামী লীগ আমলে বিএনপির নেতা-কর্মীরা কোথাও জড়ো হলে পুলিশ পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যেত, কিন্তু এখন কেন দেরি হচ্ছে? জবাবে জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মাঠে থেকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন, কিন্তু এখন পুলিশ বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাচ্ছে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম