দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরেও শেষ রক্ষা হলো না। নাশকতার মামলায় পুলিশের জালে ধরা পড়লেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেল (৩৪)।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে সেখানে আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
আবু হাসনাত হিমেল একই গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে এবং ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন তিনি।
পুলিশ জানায়, দীর্ঘদিন ঢাকায় আত্মগোপন করে থাকা সাবেক ছাত্রলীগ নেতা হিমেল নিজ বাড়িতে এসে রয়েছেন, এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে আক্কেলপুর থানায় আনা হয়।
এ বিষয়ে আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ যুগান্তরকে জানান, নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।












