• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: শ্রীরাধা দত্ত

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:১৩
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:১৩

ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না শ্রীরাধা দত্ত
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা দেখছেন না ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক ও ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। তার মতে, শেখ হাসিনা ভারতের একজন ঘনিষ্ঠ মিত্র। ফলে বাংলাদেশের পক্ষ থেকে যতই প্রত্যর্পণের দাবি জানানো হোক, নয়াদিল্লি তাকে হস্তান্তর করতে চাইবে না। এমনকি আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হলেও ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে প্রত্যর্পণ আটকে যেতে পারে। তবে শুধু শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দুই দেশের সম্পর্ক আটকে রাখা উচিত নয় বলে মনে করেন তিনি। তার মতে, বাংলাদেশ ও ভারত—দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কোনো একটি পক্ষকে শর্ত ও পাল্টা শর্তের বাইরে গিয়ে সংলাপ শুরু করতে হবে।

সম্প্রতি ঢাকার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অধ্যাপক শ্রীরাধা দত্ত। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। ভারত তাকে মিত্র মনে করে, আর এমন একজনকে ভারত কখনোই হস্তান্তর করবে না। তবে তিনি স্পষ্ট করেন, এটি তার ব্যক্তিগত মূল্যায়ন, ভারতের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়। তার কথায়, এগুলো আমার ব্যক্তিগত মত। রাজনীতির একজন ছাত্র হিসেবে আমি যা বুঝি, তা-ই বলছি।

বাংলাদেশের রাজনীতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন শ্রীরাধা দত্ত। তার মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অবস্থানের পেছনে রাজনৈতিক ও আইনি বাস্তবতা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা স্বাভাবিকভাবেই তাকে ফেরত চাইবে। কিন্তু বাংলাদেশের এই দাবি পূরণে ভারতের আগ্রহ নেই।

অধ্যাপক শ্রীরাধার মতে, প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। তবে সেই প্রক্রিয়া দ্রুত শেষ হলেও ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে কি না, সেটিই বড় প্রশ্ন। তিনি বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যদি ধরেও নিই যে, কারিগরি ও আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করা গেল, তবুও ভারত কি তাকে প্রত্যর্পণ করতে চায়? সোজা কথায়, আমার মনে হয় ভারত চায় না, আর চাইবেও না। এ ক্ষেত্রে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন বিধানের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, চুক্তির কয়েকটি অনুচ্ছেদে এমন শর্ত রয়েছে, যার ভিত্তিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব।

শেখ হাসিনার দেশে ফেরা এবং তার পাসপোর্টের বিষয়টিকেও খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন না এই ভারতীয় গবেষক। তার মতে, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনার সামনে পথ খোলা রয়েছে। এ জন্য প্রত্যর্পণ চুক্তি কিংবা পাসপোর্টের প্রয়োজন নেই। তিনি বলেন, তিনি যেতে চাইলে অবশ্যই যেতে পারেন। যে পথে এসেছেন, সে পথেই ফিরে যেতে পারেন। এর জন্য প্রত্যর্পণ চুক্তিও লাগে না, পাসপোর্টও লাগে না।

তার মতে, অন্য কোনো দেশে যেতে পাসপোর্ট প্রয়োজন হতে পারে, কিন্তু নিজের দেশে ফেরার বিষয়টি আলাদা। শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে আলোচনাকে এক ধরনের অজুহাত হিসেবেও দেখছেন তিনি। শ্রীরাধা বলেন, তার পাসপোর্ট নিয়ে আর এটা-সেটা নিয়ে যত কথা আমরা শুনছি, আমার মতে সবই একটা ছল। তার ভাষায়, দেশে ফেরার সত্যিকারের ইচ্ছা থাকলে সে পথ বের করা সম্ভব। কিন্তু এ নিয়ে যে আলোচনা চলছে, তাতে আন্তরিকতার প্রতিফলন নেই।

শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে শ্রীরাধার মূল্যায়ন, নির্বাসনে থেকেও নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চান সাবেক প্রধানমন্ত্রী। সাক্ষাৎকার, নিবন্ধ ও সমর্থকদের ছড়িয়ে দেয়া ভিডিওর মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক ইস্যু জিইয়ে রাখছেন। আওয়ামী লীগ এবং বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের কাছেও তিনি এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। দলের নেতৃত্ব ও রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য সমর্থকদের কাছে তার উপস্থিতি জরুরি।

তবে আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠীর অবস্থানের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মনোভাবকে এক করে দেখতে চান না শ্রীরাধা। তার মতে, বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখনো শেখ হাসিনার প্রতি বিরূপ। এর পেছনে তার ১৫ বছরের শাসনামলে জমে ওঠা রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষোভের পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের সহিংসতার স্মৃতিও কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অনেকেই বছরের পর বছর রাজনৈতিক ও আর্থসামাজিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় তারা যে সহিংসতা ও হামলার শিকার হয়েছে, তা শিগগিরই তাদের সম্মিলিত স্মৃতি থেকে মুছে যাবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম