শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুনদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
মতবিনিময়কালে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তরুণরা বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি তাদের প্রশ্নের উত্তর দেন এবং ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান এমপি বলেন, জীবনে বড় কিছু করতে হলে প্রথমে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রপার এডুকেশন, মোরাল এডুকেশন এবং আধুনিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, জাতির বৃহত্তম কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। নিজেদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।
জামায়াত আমির উপস্থিত তরুণদের নিজেদের গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।













