• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে ‘জিটিএ ৬’ শেষ করলেন আইশোস্পিড, কাঁদলেন সমাপ্তি দেখে

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৪৭
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৪৭

টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে ‘জিটিএ ৬’ শেষ করলেন আইশোস্পিড, কাঁদলেন সমাপ্তি দেখে
 

বিনোদন ডেস্ক
ছবি: ভিডিও থেকে নেওয়া

না ঘুমিয়ে টানা ৫২ ঘণ্টার বেশি সময় লাইভ স্ট্রিমিং করে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’-এর মূল গল্প শেষ করেছেন জনপ্রিয় ইউটিউব তারকা আইশোস্পিড। সাধারণ খেলোয়াড়দের যে গেমটির গল্প শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, সেখানে টানা দুই দিনের বেশি সময় জেগে থেকে এই কাজ সম্পন্ন করেছেন তিনি।

মেনস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট গেম খেলার পর ‘জিটিএ ৬’-এর শেষ অংশে পৌঁছান আইশোস্পিড। যুক্তরাষ্ট্রে গেমটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার কিছুক্ষণ আগে তার এই ম্যারাথন স্ট্রিমিং শুরু হয়। এরপর টানা দুই দিন দর্শকরা তার গেম খেলা, বিভিন্ন মিশন সম্পন্ন করা এবং গল্পের শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য দেখেন।

 

প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৪০ ঘণ্টার মধ্যেই গেমটির মূল গল্পের ৮০ শতাংশের বেশি শেষ করেছিলেন তিনি। সময় যত গড়িয়েছে, ততই তার ক্লান্তি স্পষ্ট হয়ে উঠেছে। পুরো সময় একবারও ঘুমাননি বলে দর্শকদের জানিয়েছেন আইশোস্পিড।

শেষ পর্যন্ত গেমের গল্প শেষ করলেও উচ্ছ্বাসের বদলে তার মধ্যে হতাশা দেখা যায়। গেমটির সমাপ্তির কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং একপর্যায়ে কেঁদেও ফেলেন।

তবে ‘জিটিএ ৬’ শেষ করা প্রথম স্ট্রিমার নন আইশোস্পিড। তার আগেই নিউজিল্যান্ডে গেমটি আগে উন্মুক্ত হওয়ার সুবিধা নিয়ে ৪০ ঘণ্টার কম সময়ে মূল গল্প শেষ করেন স্ট্রিমার ব্রাইসএক্সডি। এরপর ৫২ ঘণ্টার ম্যারাথনে গেমটি শেষ করেন আইশোস্পিড। টানা দুই দিনের বেশি সময় জেগে থেকে গেম খেলার এই লাইভ স্ট্রিমিং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: মেনস জার্নাল

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম