নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ছয়টি মাদক মামলার আসামি মো. পারভেজ হোসেন বিপ্লবকে (৩২) ইয়াবাসহ আবারও গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বসতঘর থেকে ৪০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভেজ হোসেন বিপ্লব নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু ছায়েদের ছেলে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় ৪০ পিস ইয়াবাসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় ডিএনসির পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে পাঠানো হবে।













