• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

বিশ্ব ফুটবলের স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৫:০২
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৫:০২

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত একটি বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্ব ফুটবলের বাণিজ্যিক স্বত্ব সর্বোচ্চ ৯৬ বছরের জন্য হস্তান্তর করা হতে পারত। শুধু তা-ই নয়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের জন্য রাখা হয়েছিল বিপুল অঙ্কের বোনাসের ব্যবস্থাও।

গত ২৮ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে প্রথম এই গোপন পরিকল্পনার তথ্য প্রকাশিত হয়। বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার এই উদ্যোগ নিয়ে শুরু থেকেই আপত্তি জানায় তিনটি মহাদেশীয় ফুটবল কনফেডারেশন। শেষ পর্যন্ত গত ১ আগস্ট প্রকল্পটি বাতিল করা হয়। তবে এর জেরে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিভিন্ন দেশের ফুটবল সংস্থার মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এর আগে জুলাইয়ে ফিফা জানিয়েছিল, প্রস্তাবিত এফএফইতে বেসরকারি বিনিয়োগকারীদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল থ্রাইভ ক্যাপিটালের। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাই জশুয়া কুশনার।

সোমবার দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে ফাঁস হওয়া নথির আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব এফএফইর কাছে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। চুক্তির মেয়াদ একাধিক ধাপে নবায়নের সুযোগসহ সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, এফএফই গুরুতরভাবে চুক্তির শর্ত ভঙ্গ করলেই কেবল সেটি বাতিল করার সুযোগ থাকত।

প্রস্তাবিত প্রতিষ্ঠানটির আর্থিক কাঠামো নিয়েও উঠে এসেছে চমকপ্রদ তথ্য। দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এফএফইর প্রাথমিক মূল্যায়ন ধরা হয়েছিল ২০ বিলিয়ন ডলার। এই মূল্যায়নের সঙ্গে প্রতি অতিরিক্ত ১ বিলিয়ন ডলার যুক্ত হলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের জন্য ৫০ মিলিয়ন ডলার বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ কয়েকশ কোটি টাকা।

নথিতে আরও ইঙ্গিত পাওয়া গেছে, এফএফইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল ফিফার তৎকালীন সভাপতি ইনফান্তিনোর। অর্থাৎ প্রতিষ্ঠানটির নেতৃত্বেও সরাসরি যুক্ত থাকার পরিকল্পনা ছিল তার।

এদিকে ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, এফএফই গঠনের প্রস্তাবটি বাস্তবায়নের জন্য ফিফার সদস্য অ্যাসোসিয়েশন ও ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হতো। সংস্থাটি আরও জানিয়েছে, জুরিখে তাদের সদর দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করতে কাউন্সিল সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এই আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট। তবে তিনি এবং ইউরোপের অন্য কাউন্সিল প্রতিনিধিরা নথি পর্যালোচনার সুযোগ, কী কী তথ্য দেখতে পারবেন এবং গোপনীয়তা চুক্তির শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।

অন্যদিকে, সুইজারল্যান্ডে সম্ভাব্য ফৌজদারি তদন্তের বিষয়টি সামনে রেখে ফিফা, থ্রাইভ ক্যাপিটাল ও পরামর্শক প্রতিষ্ঠান জেপি মরগানের কাছ থেকে নথিপত্র প্রকাশের দাবিতে মার্কিন আদালতে আবেদন করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে উয়েফার এই পদক্ষেপকে ‘অপপ্রচারমূলক অভিযান’ বলে পালটা অভিযোগ করেছে ফিফা।

এফএফই প্রকল্প ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর গত আগস্টে ইনফান্তিনোর ওপর আস্থা হারানোর কথা জানিয়েছিল উয়েফা। এমনকি আগামী নির্বাচনে ফিফা সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে সমর্থন দেওয়ার কথাও জানায় সংস্থাটি।

তবে এত বিতর্কের পরও ইনফান্তিনোর অবস্থান এখনো বেশ শক্তিশালী। আগামী মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে তাকেই এগিয়ে রাখছে ফুটবলবিশ্বের সংশ্লিষ্ট মহল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম