• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৫৫
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৫৫

 

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনার খবরের মধ্যেই তার এই বক্তব্য সামনে এলেও, রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিজেপি নেতারা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।

রয়টার্সের ওই প্রতিবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব—অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব; এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তবে অর্জুন সিংয়ের এমন বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র নীতির বিষয় হিসেবে উল্লেখ করেছেন রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রী এবং বিজেপি নেতৃত্ব।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন এবং সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।’

প্রতিবেশী দেশের পরিস্থিতির প্রভাব নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে ও সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। প্রতিবেশী দেশের ঘটনায় আমরা ব্যথিত হই এবং আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।’

অন্যদিকে, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে পুরোপুরি আন্তর্জাতিক ইস্যু হিসেবে অভিহিত করে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অন্য রাষ্ট্র। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবে। শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তাছাড়া শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের কোনো ভূমিকা নেই, এটি সম্পূর্ণভাবে একটি আন্তর্জাতিক বিষয়।’

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি জানান, ‘এটা সম্পূর্ণভাবে ভারতের পররাষ্ট্র নীতির বিষয়। এ নিয়ে যা বলার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন।’

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে পশ্চিমবঙ্গের নেতাদের এসব পরস্পরবিরোধী ও সতর্ক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম