এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় রাতভর অভিযানে অন্তত ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন দৌড় পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে।
তাদের মধ্যে ডেভিড পালাতে গেলে গুলি করলে তার পায়ে বিদ্ধ হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এছাড়া, এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুʼজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।
তিনি বলেন, পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পরে বিস্তারিতভাবে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং-এর মাধ্যমে জানানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
পুলিশ হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত রবিবার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে আনোয়ার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।












