• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৩

 

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে পৃথক সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ভোটার ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার শ্রীমঙ্গল উপজেলায়। এ উপজেলার ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোট দেবেন ১৮ হাজার ৮২২ জন চা-শ্রমিক।

উপজেলাভিত্তিক ভোটার সংখ্যার মধ্যে কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থানের বিষয়টি সংবাদ, প্রতিবেদন, ছবি ও লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম