• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সম্পাদকীয়

দুর্গম পাহাড়ে ভঙ্গুর স্বাস্থ্যসেবা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৬

 

একটি জনপদের মানুষ কতটা বঞ্চিত, তা বোঝার জন্য সবসময় পরিসংখ্যানের প্রয়োজন হয় না। কখনো অসুস্থ শিশুকে কোলে নিয়ে পাহাড়ি পথ পেরোনো। বাবার মুখের দিকে তাকালেই রাষ্ট্রীয় ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে।

কখনো প্রসববেদনায় কাতর একজন নারীকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে পরিবারের সদস্যদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা উন্নয়নের প্রচলিত বয়ানের সামনে এক কঠিন প্রশ্নচিহ্ন এঁকে দেয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বহু দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা এখনো এমন এক নাগরিক অধিকার, যার প্রাপ্তি নির্ভর করে ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, চিকিৎসকের উপস্থিতি এবং পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর। অসুস্থতার সঙ্গে লড়াই শুরু হওয়ার আগেই মানুষকে সেখানে দূরত্বের বিরুদ্ধে লড়তে হয়।

পাহাড়ের জীবন প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সবুজ অরণ্য, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ঝিরি ও ছড়া এই জনপদের স্বাভাবিক পরিচয়। অথচ প্রকৃতির এই অপরূপ আবহের অন্তরালে মানুষের জীবনযাত্রায় রয়েছে বহুমাত্রিক প্রতিকূলতা। বর্ষায় পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ওঠে, কোথাও সড়ক ক্ষতিগ্রস্ত হয়, কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জনপদ। এমন পরিস্থিতিতে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা দুর্ঘটনাজনিত, আঘাতও পরিবারের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মানচিত্রে যে দূরত্ব কয়েক কিলোমিটার, বাস্তবে তা কখনো কয়েক ঘণ্টার দুরূহ যাত্রা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই সময়ক্ষেপণ রোগীর অবস্থাকে আরো জটিল করে তুলতে পারে।

স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না। সেখানে চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয়ের সরঞ্জাম, বিদ্যুৎ, নিরাপদ পানি এবং জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা থাকতে হয়। প্রত্যন্ত গ্রামের মানুষ কোথায় প্রাথমিক চিকিৎসা পান, নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে কত সময় লাগে, জরুরি রোগী পরিবহনের কী ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসাকেন্দ্রগুলোতে জনবল ও ওষুধের প্রাপ্যতা কেমন-এসব প্রশ্নের উত্তর মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

গর্ভকালীন পরীক্ষা, নিরাপদ প্রসব, শিশুর নিয়মিত টিকাদান কিংবা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের ধারাবাহিক চিকিৎসা নিশ্চিত করতে নিকটবর্তী স্বাস্থ্যসেবার বিকল্প নেই। পরিবারের আয় কম হলে যাতায়াত, পরীক্ষা ও ওষুধের ব্যয় মেটানো আরো কঠিন হয়ে পড়ে। পাহাড়ের উন্নয়নকে শুধু সড়ক, পর্যটনকেন্দ্র কিংবা দৃশ্যমান অবকাঠামোর নিরিখে বিচার করলে মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলো আড়ালেই থেকে যাবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম