• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির সমাবেশে যাচ্ছে সন্দেহে গফরগাঁওয়ে কুপিয়ে জখম

প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ৪:৩৪
আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ৪:৩৪

9660025631

বিএনপির সমাবেশে যাচ্ছে সন্দেহে গফরগাঁওয়ে কুপিয়ে জখম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির সমাবেশে যাচ্ছেন, এমন সন্দেহে মো. মোবারক হোসেন (৩৩) নামের এক শ্রমিককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আলুদ্দিয়া গ্রামে। তিনি বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি সেন্টারে শ্রমিকের কাজ করেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে গফরগাঁও উপজেলার উথুরি মোড়ে এ ঘটনা ঘটে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোবারক হোসেনের ডান হাতের কবজির রগ কেটে গিয়ে গভীর ক্ষত হয়েছে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আহত মোবারক জানান, নিয়মিতভাবে তিনি কিশোরগঞ্জ জেলায় থাকেন। আজ শনিবার সকালে মোট ১২ জন শ্রমিক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর হয়ে গফরগাঁও উপজেলায় যাচ্ছিলেন। গফরগাঁওয়ে কাদির কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করার কথা তাঁদের। টমটম নামের এক ধরনের গাড়ি দিয়ে আসার পথে গফরগাঁও উপজেলার উথুরি মোড়ে রামদা হাতে একদল দুবৃর্ত্ত তাঁদের পথ রোধ করে। কিছু বলার সুযোগ না দিয়েই ময়মনসিংহে বিএনপির সমাবেশে যাচ্ছে সন্দেহ করে সবাইকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে শুরু করে। একপর্যায়ে মোবারকের ডান হাতে রামদা দিয়ে কোপ দেওয়া হয়। আহত অবস্থায় মোবারকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তিনি আরও বলেন, আমার বাড়ি নেত্রকোনায়। কিশোরগঞ্জ শহরে থাকি। গফরগাঁও উপজেলার কোনো মানুষকে আমি চিনি না। আমাদের কোনো কিছু বলার সুযোগ না দিয়েই মারধর করতে থাকে।

চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বললেও তিনি গফরগাঁওয়ে অবস্থান করছেন বলে জানান মোবারক।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই উথুরি মোড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকেরা লাঠিসোঠা নিয়ে অবস্থান নিয়েছেন। তাঁরা সমাবেশে যাচ্ছে এমন সন্দেহে হলে মানুষকে যেতে বাধা দিচ্ছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, উথুরি মোড়ে এমন কোনো ঘটনার কথা তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com