আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল, বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে।’ আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এটি কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বৈরাচার থেকে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার আন্দোলন করেছেন।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল, বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে। এখন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।’












