• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামার পরামর্শ ড. কামালের

প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৩:০৬
আপডেট: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৩:০৬

গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামার পরামর্শ ড. কামালের

গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। একই সঙ্গে মানুষকে মৌলিক অধিকার নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৯ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংবিধানের ৫০ বছর ও নাগরিক ভাবনা শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে গণফোরাম।

ড. কামাল হোসেন বলেন, রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশে অসাধারণ ক্ষতি হবে।

গণতন্ত্রের জন্য সকলের রাস্তায় নেমে যাওয়া উচিত উল্লেখ করে এক সময়ের আওয়ামী লীগের এই নেতা বলেন, গণতন্ত্রের বিষয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত। সকলের নেমে (রাস্তায়) যাওয়া উচিত। যাতে করে মানুষ সচেতন হয়। আমরা যদি মনে করি বসে থাকলে অধিকার ভোগ করবো এটা খুব ভুল কথা।

মানুষকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, সরকার চায়না মানুষ মৌলিক অধিকারের বিষয় সচেতন হোক। এ ব্যাপারে তারা চেপে ধরে থাকে। এ জন্য বিষয়টি প্রচার করতে হবে, স্কুল কলেজে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে হবে।

নিজ দলের নেতাকর্মীসহ সরকার বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবসময় সক্রিয়ভাবে জনগণের পাশে থাকতে হবে। সব সময় কাজে লেগে থাকা দরকার। পত্রপত্রিকায় লেখালেখি হওয়া দরকার। স্কুল -কলেজে ছাত্র ছাত্রীদের এ বিষয়ে জানানো দরকার। আমরা যদি কাজে লেগে না থাকি তাহলে অধিকার থেকে বঞ্চিত হব।

তিনি বলেন, জনগণ ক্ষমতার মালিক এটা আমরা সংবিধানে দেখি। এটা শুধু কথার কথা না। সত্যিকার অর্থে যদি আমাদের মালিক হতে হয়, তখন আমরা যদি অধিকারের ব্যাপারে সচেতন না হই, সঙ্গবদ্ধ ভাবে কাজ না করি, তাহলে সত্যিকার অর্থেই আমরা অধিকার থেকে বঞ্চিত হব।

আগামী নির্বাচন নিয়ে এক সময়ের বিএনপি’র সঙ্গে জোটবাঁধা এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের অধিকার প্রয়োগ করে। কাজেই সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। টাকা পয়সা ও প্রভাব ব্যবহার করে জনগণকে যদি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত করি, নির্বাচন পদ্ধতিকে যদি আমরা ধ্বংস করি তাহলে দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

আলোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন গণস্বাস্থ‌্যার প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী, সি‌নিয়র আইনজীবী শাহা‌দীন মা‌লিক প্রমুখ।