• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনগণ বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রতিরোধের ব্যবস্থা নেবে: ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ১২:৩৪
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ১২:৩৪

জনগণ বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রতিরোধের ব্যবস্থা নেবে: ফখরুল

“বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে সাধারণ মানুষের জীবনে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলেছে বিএনপি। এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে জনগণই প্রতিরোধের ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারিও দিয়েছে দলটি।”

সোমবার (২১ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এটা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। একদিকে চাল-ডাল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। ইনফ্লেশন (মুদ্রাস্ফীতি) চরম পর্যায়ে যাচ্ছে। কিছুদিন আগেই বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ানো হয়েছে। এখন আরেক দফা বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।’

ফখরুল বলেন, ‘সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এ দাম যদি না কমানো হয়, বিদ্যুতের দাম আগের জায়গা না নামায় তাহলে জনগণই তার প্রতিরোধের ব্যবস্থা নেবে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সবসময় তারা (সরকার) বলে, আমরা জনগণের স্বার্থে করি। আজ তারা জনগণের বিপরীত অবস্থানে গিয়ে প্রতিপক্ষ হিসেবে গণশত্রুতে পরিণত হয়েছে।’

‘দুর্নীতি এমন করেছে যে, প্রত্যেকটি খাতে, প্রত্যেকটি মন্ত্রণালয়ে, প্রত্যেকটি অধিদপ্তর এখন আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এখন আইএমএফের ঋণ পাওয়ার জন্য মরিয়া হয়ে তারা জনগণের ওপরে অত্যাচার-নির্যাতন করা শুরু করেছে। আজকে যদি দুর্নীতি তারা (সরকার) কমাতে পারতেন, আজকে যদি জনগণের টাকা এভাবে পাচার না করতো তাহলে এ সংকট মোকাবিলা করা জনগণের জন্য অনেক সহজ হতো।’

সংবাদ সম্মেলনে বিএনপি মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, দুই সদস্য সচিব আমিনুল হক, রফিকুল আলম মজনু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com