• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কোড অব কনডাক্ট অমান্য: সময় হলে অ্যাকশনে যাবে বাংলাদেশ

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৪:১৩
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৪:১৩

কোড অব কনডাক্ট অমান্য: সময় হলে অ্যাকশনে যাবে বাংলাদেশ

কোড অব কনডাক্ট না মানলে বিদেশি দূতদের বিরুদ্ধে শক্তিশালী দেশগুলো ব্যবস্থা নিতে পারলেও শক্তির অভাবে ব্যবস্থা নিতে পারছে না বাংলাদেশ। তবে সময় হলে বাংলাদেশও অ্যাকশনে যাবে বলে হঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে শনিবার (২৬ নভেম্বর) ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে দিনব্যাপী ‘আন্তর্জাতিক চ্যারিটি বাজার’ উদ্বোধন করা হয়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদেশি দূতরা কোড অব কনডাক্ট মানছেন না। তাহলে বাংলাদেশ কী বিদেশিদের বক্তব্যকে পাত্তা দিচ্ছে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার মতো দেশ তাদের গত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ২০-২১ জন কূটনীতিককে বের করে দিয়েছিল। এছাড়া আমেরিকার আভ্যন্তরীণ যেসব সংস্থা রাশিয়াকে সহযোগিতা করেছিল বলে তারা মনে করেছে, তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিয়েছিল। তারা শক্তিশালী দেশ‌ হওয়ায় এসব পদক্ষেপ সহজেই নিতে পারে। তবে আমাদের সেই শক্তি কিংবা সামর্থ্য নেই, তাই আমরা এ পদক্ষেপ নেইনি। তবে সময় হলে আমরাও অ্যাকশনে যাব।

বিদেশিদের হস্তক্ষেপের কারণে অনেক দেশ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে ড. মোমেন বলেন, আপনি আফগানিস্তানের দিকে তাকান, এই বিদেশিদের জ্বালায় তারা অনেক কষ্টে আছে। চিলি বিদেশিদের কারণে ধ্বংস হয়ে গেল। ইরানের কথাও চিন্তা করুন। বিদেশিরা আসলে সবসময় তাদের দেশের স্বার্থে কাজ করেন।

উন্নত দেশগুলো বিদেশি দূতদের এক পয়সাও পাত্তা দেয় না জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে ইদানিং একটা নীতি হয়ে গেছে, এটা খুব দুঃখজনক। তারা বিদেশিদের কাছে ধর্না দেয়। জেনেশুনে তারা যে দেশে মাতবরি করেছেন, সেই দেশের অবস্থা কিন্তু ভালো না। উন্নত দেশগুলোতে… বিশেষ করে আমেরিকাতে কোনো বিদেশি রাষ্ট্রদূতের এক পয়সাও পাত্তা নেই। ভারতে বিদেশিরা অনেক কথা বলে কিন্তু তারা এগুলোকে পাত্তা দেয় না। যে সমস্ত দেশের সম্মান আছে, দেশে নেতৃত্বের সম্মান আছে, তারা বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করে না।