• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঢাকা প্রবেশমুখে পুলিশের বিশেষ তল্লাশি

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১০:১১
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১০:১১

ঢাকা প্রবেশমুখে পুলিশের বিশেষ তল্লাশি

ঢাকা প্রবেশমুখ সাভারের আমিনবাজার, বিরুলিয়া, আশুলিয়া বাজারসহ বিভিন্ন স্থানে বিশেষ তল্লাশি করছে পুলিশ। এজন্য বসানো হয়েছে চেকপোস্ট ও ব্লকগেইট। মহাসড়কে তুলনামুলকভাবে গাড়ির চাপ কম রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৫ ডিসেম্বর পর্যন্ত এমন অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে দেখা যায়, পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। সাভারের বিরুলিয়াতেও রয়েছে পুলিশের আরেকটি চেকপোস্ট। এছাড়া আশুলিয়ার কবিরপুর ও আশুলিয়া বাজারে চেকপোস্ট বসিয়েছে আশুলিয়া থানা পুলিশ। দেশের দক্ষিণ ও উত্তরবঙ্গের ঢাকামুখী যাত্রীরা এ দুটি মহাসড়ক ব্যবহার করে। গাড়ি বা মোটরসাইকেল থামিয়ে যাত্রী ও তাদের মালামাল চেক করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সড়কে এমনিতেই গাড়ি অনেক কম। সাধারণত বৃহস্পতিবার সড়কে গাড়ির চাপ বাড়ে। কিন্তু আজকে হয়েছে তার উলটো, আজ গাড়ির চাপ কম। বেশ কিছুক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সাভারে দুটি চেকপোস্ট আছে, বিরুলিয়া ও আমিনবাজারে। আমরা জঙ্গি তৎপরতা রোধেই কাজ করছি। এ পর্যন্ত সন্দেহজনক কিছু পাইনি। তবে মাদকসহ এক আসামীকে আমিনবাজার চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহিল কাফী বলেন, আমাদের কাছে কিছু নির্দেশনা আছে, কিছু ম্যাসেজ আছে। যে কারণে চেকপোস্ট, ব্লকগেইটসহ নানা ধরনের অভিযান চলছে। নতুন করে আর কোন জঙ্গি যেন এদিকে না আসতে পারে, তাদেরকে গ্রেফতারের উদ্দেশ্যেই আমাদের প্রক্রিয়া চলমান।

তিনি বলেন, পুলিশ হেডকোয়াটার্স থেকে আমাদের কাছে নির্দেশনা এসেছে যে বিশেষ একটি অভিযান আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৬ ডিসেম্বর একটি বিশেষ দিন, এই সময়কে কেন্দ্র করে কেউ যেন নাশকতা না করতে পারে সে লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম চলছে।

১০ তারিখের বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের এমন কার্যক্রম কিনা জানতে চাইলে আব্দুল্লাহিল কাফী বলেন, তার সাথে আমাদের এই কার্যক্রমের কোন সম্পর্ক নেই। আমি আগেই বলেছি এটি জঙ্গি সংক্রান্ত এবং ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বিশেষ অভিযান।