বিএনপি ত্যাগ করার পর এই প্রথম নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় যাচ্ছেন সাবেক স্থায়ী কমিটির সদস্য কর্নেল (অব.) অলি আহমদ। তবে দলীয় নেতা হয়ে নয়, অলি আহমদ পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্ত বিএনপি কার্যালয় পরিদর্শনে যাবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট পরিচয়ে।
সোমবার (১২ ডিসেম্বর) এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০১৪ সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার উপস্থিতিতে ২০ দলীয় জোটের এক সমাবেশে গেলেও ভেতরে প্রবেশ করেননি অলি আহমদ।
সালাউদ্দিন রাজ্জাক বলেন, অলি আহমদ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে যাবেন। বিএনপি ত্যাগ করার ১৬ বছর পর তিনি বিএনপি কার্যালয়ে যাচ্ছেন। এসময় তার সঙ্গে এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপি অফিসে পুলিশি অভিযানের সমালোচনা করে অলি আহমদ এক বিবৃতিতে বলেন, বিএনপির কার্যালয়ে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে। আমি বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।












