স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
উত্তরার একটি হাসপাতাল থেকে তাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে গতকাল সোমবার (১২ ডিসেম্বর) তার পরিবার অভিযোগ করেছে। আজিজুরের পরিবার অভিযোগ করেছে গত বৃহস্পতিবার তেজগাঁও থানার একটি দল তাকে থানায় নিয়ে আসে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আজিজুর রহমানকে তারা আটক বা গ্রেফতার করেনি।
এ বিষয়ে আজিজুর রহমানের স্ত্রী সুরাইয়া বেগম গণমাধ্যমে বলেন, নয়াপল্টনে পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একরাম নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে দেখতে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে যান তার স্বামী। সেখান থেকে তেজগাঁও থানার পুলিশের একটি দল তাকে তুলে নিয়ে আসে। তেজগাঁও থানায় আনার পর স্বামীর সঙ্গে একবার দেখাও করতে দিয়েছিল পুলিশ। পরে আর দেখা করতে দেওয়া হয়নি। চার দিন হয়ে গেছে তাকে গ্রেফতারও দেখানো হচ্ছে না।
সুরাইয়া বেগম আরও বলেন, বিএনপির রাজনীতি করার কারণে পুলিশ তাকে আটক করেছে। তিনি তার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত চান।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, তারা আজিজুর রহমান নামের কাউকে আটক করেনি।












