• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ফারদিন প্রসঙ্গ: সন্তোষজনক জবাব পেয়েছেন বুয়েট শিক্ষার্থীরা

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৮:২২
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৮:২২

ফারদিন প্রসঙ্গ: সন্তোষজনক জবাব পেয়েছেন বুয়েট শিক্ষার্থীরা

বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু নিয়ে অনেক জল ঘোলা হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ফারদিন আত্মহত্যা করেছে। এ দাবির পক্ষে বুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য-প্রমাণও দেখিয়েছে র‍্যাব এবং ডিবি। এতে সন্তোষজনক উত্তর পেয়েছেন বলে জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ কথা জানান বুয়েট শিক্ষার্থীরা। একই সঙ্গে ফারদিনের মৃত্যু নিয়ে কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, আমরা তাদের (র‌্যাব ও ডিবি) সঙ্গে সাক্ষাৎকারের সময় মূলত পাঁচটি বিষয়ে প্রশ্ন তুলি। তাদের দেখানো এভিডেন্স এবং ডাটার মধ্যে আমাদের করা প্রশ্নগুলোর মোটামুটি সন্তোষজনক উত্তর পেয়েছি। তাদের তদন্ত বা যা যা ডাটা দেখিয়েছেন এতে আর সন্দেহ করার মতো তথ্য আমাদের কাছে নেই।

শিক্ষার্থীরা আরো বলেন, আপাতত ফারদিনের মৃত্যুর বিষয়ে আমাদের আর কোনো কর্মসূচি নেই। তবে ফারদিনের পরিবার যদি যৌক্তিক কোনো কিছু দাবি করেন আমরা তাদের পাশে দাঁড়াব। তবে আমাদের কাছে এই বিষয়ে আর কোনো সন্দেহ বা প্রশ্ন করার মতো কোনো এলিমেন্ট নেই। ভবিষ্যতে যদি নতুন করে কোনো তথ্য আসে তখন বিষয়টি নিয়ে আবার কথা বলব।