প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতানা আহম্মেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন।
এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এজন্য সুলতানাকে কারাগার থেকে হাজির করা হয়। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেনি। ফলে প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন আদালত।
গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ (৩৮)। তার মামলার পর ওই দিনই গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব । এরপর তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর গত ৯ নভেম্বর দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন সুলতানা। এ ছাড়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলার অবনতিসহ স্বাধীনতা যুদ্ধ ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বক্তব্য দেন।













