আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্রার্থী ফরিদা ইয়াসমিন আবারও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের শ্যামল দত্ত।
উৎসবমুখর পরিবেশে শনিবার (৩১ ডিসেম্বর) সারাদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো.মোস্তফা-ই-জামিল ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। সহ-সভাপতি পদে ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজোয়ানুল হক রাজা। সাধারণ সম্পাদক পদে ৪৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শ্যামল দত্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভুঁইয়া ও মো. আশরাফ আলী যথাক্রমে ৫৪০ ও ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী।
এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন।
ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদে মোট ৪৫ জন প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুটি প্যানেল থেকে ৩৪ জন। আর কোষাধ্যক্ষ ও সদস্য পদে ১১ জন স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

