• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াতের গণমিছিলে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ তাসমিয়া প্রধানের

প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:২৭
আপডেট: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:২৭

জামায়াতের গণমিছিলে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ তাসমিয়া প্রধানের

শুক্রবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ গণমিছিলের ওপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

শনিবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনের পথ রুদ্ধ হলে সরকারের পতন অনিবার্য। তিনি আরো বলেন, ‘বিনা উস্কানিতে পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের তাণ্ডব খেলা হচ্ছে। দেশের গণতান্ত্রিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে হীন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীরা।’

তিনি বলেন, ‘দেশের জনগণ আওয়ামী দুর্নীতিবাজ, জুলুমবাজ ও ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণ এখন তাদের ভোটাধিকার ফেরত চায়। দেশের গণতন্ত্র চায়। বাকস্বাধীনতা চায়। মৌলিক অধিকার চায়।’

তাসমিয়া প্রধান আরো বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভীসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক রেখেছে। পঞ্চগড়ে জাগপা’র নেতাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলাসহ জামায়াতের নেতাদের বিরুদ্ধে গতকাল শুক্রবার চারটি মামলা দিয়েছে। আওয়ামী লীগ এখন সারাদেশকে কারাগার বানিয়েছে। এখন পুলিশ বাহিনী দিয়ে বিরোধী নেতাকর্মীদের বাসাবাড়িতে গভীর রাতে তল্লাশি চালাচ্ছে। জনগণের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে লাঠিচার্জ-টিয়ারসেল নিক্ষেপ করছে।’

তিনি অবিলম্বে সকল রাজনৈতিক বন্দী এবং আলেম-ওলামাদের শর্তহীন মুক্তির দাবি জানিয়ে মিছিল-সমাবেশে অনৈতিক হামলা-মামলা ও গণগ্রেফতার থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান।