• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার ২০২৩ সাল: দুদু

প্রকাশ: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ৬:০৮
আপডেট: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ৬:০৮

আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার ২০২৩ সাল: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ কলঙ্কমুক্ত বছর হবে ২০২৩ সাল। ছাত্রদলের রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সাল। এই বছরে আমরা আমাদের রক্ত দিয়ে দেশকে মুক্ত করব।

রবিবার (১ জানুয়ারি) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, আজকের এই সমাবেশ স্মরণ সভা, স্মৃতিচারণের সভা হতে পারতো কিন্তু বর্তমান শাসক কথা বলতে দিতে চান না। যিনি ব্যক্তি বিকাশ চান না। গণতন্ত্রকে পদদলিত করেছে। সেই শাসক হচ্ছে বর্তমান শাসক।

ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলখানায়। এই মুহূর্তে একমাত্র ভরসার স্থল হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। যদি ছাত্রদল উঠে দাঁড়াতে না পারে তাহলে যারা জেলখানায় আছে এবং আমরা বৃহত্তম জেলখানায় আছি এভাবেই থাকতে হবে। তাই ছাত্রদলকে উঠে দাঁড়াতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, রক্ত আপনারা দিয়েছেন, দিচ্ছেন আরও দিবেন। ছাত্রদলের নাম মানেই বিদ্রোহের নাম। ছাত্রদলের নাম আপোষহীনতার নাম। ছাত্রদলের নাম মানেই মুক্তির নাম। ছাত্রদলের নাম মানেই স্বৈরাচারের আতঙ্কের নাম, এই দেশে কর্তৃত্ববাদী থাকতে পারে না।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান প্রমুখ।