• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভিপি নুরকে নিয়ে সংবাদ উদ্দেশ্যমূলক ও মিথ্যা : গণঅধিকার পরিষদ

প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৬:১৯
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৬:১৯

966254

ভিপি নুরকে নিয়ে সংবাদ উদ্দেশ্যমূলক ও মিথ্যা : গণঅধিকার পরিষদ

ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে নিয়ে প্রকাশিত ‘অসত্য তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন ভিপি নুর’ ও ‘ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে ভিপি নুরের বৈঠক’ সংবাদের প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ মঙ্গলবার সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেদন দুটিতে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদ দুটিতে কোনো তথ্যের পক্ষে প্রমাণ, কোনো ব্যক্তির অভিযোগ বা উদ্ধৃতি না দিয়ে ভিত্তিহীন গল্প নির্মাণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রথমত, সংবাদে বলা হয়েছে- ভিপি নুর লাইভে গুজব ছড়াচ্ছে, কিন্তু কি কি গুজব তার সুনির্দিষ্ট উল্লেখ নেই। বলা হয়েছে বাংলাদেশ থেকে ব্যাংকের টাকা আত্মসাৎ করে দুবাইয়ে পালিয়ে থাকা এক বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে নুর বৈঠক করেন। কিন্তু প্রকাশিত সংবাদে সেই ব্যক্তির নাম উল্লেখ নেই। এমনকি কোথায়, কখন মিটিং হয়েছে তাও উল্লেখ নেই। এ বিষয়ে আপনার পত্রিকা নিজেই তদন্ত করেছে, নাকি অন্য কারও তদন্ত করা তথ্য ব্যবহার করেছে সেটিও উল্লেখ নেই। এ ধরনের প্রতিবেদন একজন রাজনৈতিক ব্যক্তিকে মিথ্যা তথ্য দিয়ে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার করার শামিল। এ ছাড়াও সংবাদে বলা হয় এই সরকারের এমপি-মন্ত্রীরা দুবাইয়ে কালো টাকা ইনভেস্ট করে সেকেন্ড হোম তৈরি করেছে, এই বিষয়টা বিভিন্ন গণমাধ্যমেও এসেছে, এমনকি হাইকোর্টও এ নিয়ে নির্দেশনা দিয়েছেন। নুরুল হক নুর বিষয়টি অধিকতর তদন্তের কথা বলেছিলেন। সুতরাং এখানে গুজব কিংবা উসকানিমূলক কিছু প্রতীয়মাণ হয় না।

প্রতিবাদ বার্তায় বলা হয়, দ্বিতীয়ত, ইসরায়েলের এক নাগরিকের সাথে মিটিংয়ের কথা বলা হয়েছে এবং একটি এডিটেড ছবিও দেওয়া হয়েছে। যে ছবিতে দুজন ব্যক্তির ছবির আলাদা দৃষ্টি ফোকাস এবং এডিট করার কিছু স্পষ্ট আলামত (ভিপির সাইডের অংশ ঝাপসা, ইসরায়েলি নাগরিকের অংশ স্পষ্ট, এডিটিংয়ে মুখের দিকের অংশ স্পষ্ট করলেও পায়ের দিকের অংশ অস্পষ্ট ও আনাড়ি এডিটিং) প্রমাণ করে এটি এডিটেড ছবি। প্রকৃতপক্ষে ওই ব্যক্তির সঙ্গে কোনো মিটিং হয়নি। এমনকি ওই ব্যক্তি ভিপি নুরের পরিচিতও নয়। ভিপি নুরসহ গণঅধিকার পরিষদ বিশ্বাস করে জনগণের সমর্থনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারব। কোনো বিশেষ বিদেশি ব্যক্তির সঙ্গে গোপন বৈঠকের প্রসঙ্গ অবান্তর।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদ দুটি গণঅধিকার পরিষদ ও এর সদস্য সচিব নুরুল হক নুরের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে বিশেষ মহলের ইন্ধনে করা হয়েছে বলে গণঅধিকার পরিষদ বিশ্বাস করে এবং নিউজের কথাগুলো সরকারদলীয় দুজন ব্যক্তির ফেসবুক পোস্টের সাথে মিলে যায়। এভাবে ফেসবুক লেখালেখিকে ভিত্তি করে ইসরায়েলি নাগরিকের সাথে সাক্ষাৎ, এমন স্পষ্ট সিদ্ধান্তমূলক হেডলাইন দিয়ে নিউজ করা সুস্থ সাংবাদিকতার অন্তরায়।

একইসঙ্গে যে ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছে বলে প্রচার করা হলো, সেই ব্যক্তির কোনো বক্তব্য বা ভিপি নুরের কোনো বক্তব্য নেওয়া হয়নি। কোনো পক্ষের কোনো বক্তব্য না নিয়ে একজন ব্যক্তির নামে সিদ্ধান্তমূলক বক্তব্য দায়িত্বশীল সাংবাদিকতার অন্তরায়। এতে প্রতীয়মাণ হয় যে, রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিপক্ষকে শিকারের লক্ষ্যবস্তু বানিয়ে নিউজ করা হয়েছে।

আরও বলা হয়, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং একটি রাজনৈতিক দলের নেতার সুনাম ক্ষুণ্ন করা চরম অন্যায়। বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছে গণঅধিকার পরিষদ। একইসঙ্গে পরবর্তী সময়ে যে কোনো সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছে গণঅধিকার পরিষদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com