অমর একুশে বইমেলা ২০২৩ শুরু হচ্ছে আগামীকাল। পহেলা ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা জানান, বাংলা একাডেমি এবার নতুন ৭ টি বই প্রকাশ করছে যার মোড়ক উম্মোচন করবেন প্রধানমন্ত্রী। এবার বই মেলার স্লোগান ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
মেলার সার্বিক বিষয়ে তিনি বলেন, ‘এবারের বই মেলায় বইয়ের সকল প্যাভিলিয়ন-স্টল একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মূল অংশে থাকবে। আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের অংশে থাকবে খাবারের দোকান, নামাজের স্থান ও টয়লেট।’
একাডেমির পরিচালক ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কেএম মুজাহিদুল ইসলাম জানান, এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়।
একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি ইউনিট অর্থাৎ মোট ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৮টি প্যাভিলিয়ন থাকবে। লিটলম্যাগ চত্বরে ঠাঁই পাবে ১৫৩টি স্টল।
জানা যায়, উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি ঘোষিত সাহিত্য পুরস্কারও প্রদান করবেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এবার বইমেলায় নতুন-পুরোনো মিলিয়ে ১৩৬টি বই প্রকাশ করবে বাংলা একাডেমি। এর মধ্যে প্রথম দিন ‘শেখ মুজিবুর রহমান রচনাবলি’, ‘অসমাপ্ত আত্মজীবনী-পাঠ বিশ্লেষণ’, ‘আমার দেখা নয়াচীন-পাঠ বিশ্লেষণ’, ‘কারাগারের রোজনামচা-পাঠ বিশ্লেষণ’, হাসান আজিজুল হকের ‘সাবিত্রী উপাখ্যান’-এর ইংরেজি অনুবাদ ‘দ্য লেটার অব সাবিত্রী’-এর মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলা একাডেমি থেকে এবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী ‘আমার জীবন, আমার রাজনীতি’ প্রকাশিত হবে, যার মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
বই মেলার সময়সূচী: ছুটির দিন ব্যতীত মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শক, ক্রেতা, পাঠকদের রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। ছুটির দিনে বইমেলা বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে? একুশে ফেব্রুয়ারি মেলার দুয়ার খুলবে সকাল ৮টায়?
উল্লেখ্য, এবারের বইমেলার নিরাপত্তার স্বার্থে প্রবেশ ও বাহির পথে পর্যাপ্তসংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।












