• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী স্বপ্ন বাস্তবায়ন হবে না : প্রিন্স

প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪৫
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪৫

 

সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বাটপারি মডেলের নির্বাচন করে আগামী নির্বাচনের ড্রেস রিহার্সাল করেছে সরকার। কিন্তু আগামী নির্বাচন নিয়ে আওয়ামী স্বপ্ন বাস্তবায়ন হবে না।’

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পদযাত্রা সফল করতে আজ রোববার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় এসব কথা বলেন প্রিন্স।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সম্প্রতি সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল চেয়ে বিএনপির এমপিরা পদত্যাগ করায় তাদের শূন্য আসনের উপনির্বাচন হয়েছে। এ উপনির্বাচন আলোচনায় আনতে বিএনপি থেকে বহিষ্কৃত সাত্তারকে ক্রয় এবং হিরো আলমদের ব্যবহারের মাধ্যমে বাটপারি মডেলের নির্বাচন করে আগামী নির্বাচনের ড্রেস রিহার্সাল করেছে আওয়ামী লীগ। কিন্তু আগামী নির্বাচন নিয়ে আওয়ামী স্বপ্ন বাস্তবায়ন হবে না।’

তিনি আরও বলেন, ‘উপনির্বাচনে অপকর্ম ফাঁস হয়ে যাওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেদের অপকর্ম আড়াল করতে মিথ্যাচার করছেন। বিএনপি এত দেউলিয়া হয়ে যায়নি, হিরো আলমকে হায়ারের মাধ্যমে নির্বাচন করে সংসদকে খাটো করতে হবে।’

প্রিন্স বলেন, ‘সংসদকে খাটো করার জন্য হিরো আলমকে এমপি করার কোনো দরকার নেই বিএনপির। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত এবং নিষ্ঠুর প্রহসনের নির্বাচনের মাধ্যমে এ সংসদকে আওয়ামী লীগ ভোট ডাকাতদের আখড়ায় পরিণত করেছে। সংসদ, সরকারে অনেক তথাকথিত হিরো আলম রয়েছেন, যারা বাংলাদেশকেই জিরোতে পরিণত করেছে। এরা সংসদকে শুধু খাটোই নয়, জনগণের অধিকার হরণ, প্রধানমন্ত্রী ও তার পরিবারের স্তুতি, বিরোধীদলের চরিত্র হনন, মিথ্যাচারের হাতিয়ারে পরিণত করেছে। সম্প্রতি সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাহাসে আবারও প্রমাণিত হয়েছে, জনগণের ভোটে এ সংসদ নির্বাচিত হয়নি। সাজানো, পাতানো প্রহসনে ভাগ-বাটোয়ারায় এ সংসদ হয়েছে। এ সংসদে দেশে-বিদেশে কারও কোনো আস্থা-বিশ্বাস নেই। তারা প্রতিদিনই কৌতুক ছড়ান।’

বিএনপির এ নেতা বলেন, ‘দেশে নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচনের প্রধান এবং একমাত্র বাধা আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী নিজে। আওয়ামী মার্কা নির্বাচন মানেই উকিল মডেলের বাটপারির নির্বাচন। এই আওয়ামী মার্কা নির্বাচন ও গণতন্ত্র মানুষ চায় না।’

তিনি বলেন, ‘জনগণের সরকার নয় বলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধির মধ্যেই দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম লাগামহীন বৃদ্ধি করে সরকার জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে। শীতের মধ্যেও লোডশেডিংয়ে কৃষকরা জমিতে সেচের পানি দিতে পারছেন না। শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। যেভাবে শিক্ষাক্রম ও কারিকুলাম করা হয়েছে, তাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস হয়ে যাবে।’

প্রিন্স আরও বলেন, ‘সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জনদুর্ভোগ নিরসন আজ গণদাবিতে পরিণত হয়েছে। কিন্তু সরকার গণদাবি অগ্রাহ্য করে একগুঁয়ে আচরণ করছে। শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতনের যাত্রা শুরু হবে।’

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, অধ্যাপক আমজাদ আলী, আবদুল হামিদ, আব্দুল হাই, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম