• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মুঠোফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি : জি এম কাদের

প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৬
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৬

মুঠোফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি : জি এম কাদের

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিশেষ ব্যক্তিদের টার্গেট করে তাদের ফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তার দাবি সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদদের মুঠোফোনে আড়িপাতা হচ্ছে। আজ বুধবার সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, একটি গোয়েন্দা প্রযুক্তি ব্যাপকভাবে আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে। সেটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবীর স্মার্টফোনে আড়িপাতা হচ্ছে। আর এতে ব্যবহৃত হচ্ছে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস।

তিনি বলেন, এগুলো ব্যবহৃত হয় সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের জন্য। কিন্তু দেশে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে যারা সরকার বিরোধী রাজনীতি করেন, তাদের মেসেঞ্জার, হোয়াটস্অ্যাপ ইত্যাদি অনুমোদন ছাড়া রেকর্ড করা হয় বলে শোনা যায়। তিনি প্রশ্ন রেখে বলেন, এসব কাজের যুক্তি ও উদ্দেশ্য কী? যুক্তি হতে পারে- সরকার তাদের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহ বলে মনে করে। তাহলে কি সরকার আর রাষ্ট্র একীভূত হয়ে গেছে?

জিএম কাদের বলেন, আরেকটি উদ্দেশ্য হতে পারে, সব রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে চায় সরকার, তার সুযোগ সৃষ্টি করা।

রাজনৈতিক প্রতিপক্ষের ওপর এ ধরনের আড়িপাতা, নজরদারি করে হয়রানি করা বিরোধীদের কথা বলা বা স্বাধীন মতপ্রকাশে বাধা সৃষ্টি করা। কথা বলা ও মত প্রকাশের অধিকার সবার জন্মগত অধিকার। তিনি আরো বলেন, অবকাঠামোগত উন্নয়ন প্রকৃত উন্নয়ন নয়, এটি উন্নয়নের সহায়ক মাত্র। সুশাসন ও শৃঙ্খলা না থাকলে সাধারণ মানুষ উন্নয়নের স্বাদ পায় না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com