• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাষ্ট্রপতি পদ লাভজনক নয় : ইসি আলমগীর

প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০৫
আপডেট: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০৫

রাষ্ট্রপতি পদ লাভজনক নয় : ইসি আলমগীর

রাষ্ট্রপতি পদটি লাভজনক নয়। তাই দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে আসীন হতে কোনো বাধা নেই।

এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইনে আছে যে, দুদক কমিশনাররা লাভজনক কোনো পদে যেতে পারেন না। রাষ্ট্রপতি পদ লাভজনক, নাকি লাভজনক নয়, এটি নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যাটি কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, দুদকের আইনে বলা আছে যে, কমিশনাররা লাভজনক পদে যেতে পারবেন না। কিন্তু আপনারা জানবেন যে, নির্বাচন কমিশন যখন এটি করেছে, তখন আইন-কানুন জেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি সাহাবুদ্দীন যখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তখন এ নিয়ে কোর্টে একটি মামলা হয়েছিল। কারণ বিচারপতির ক্ষেত্রেও একই আইন যে, তারা লাভজনক পদে যেতে পারবেন না।

তিনি বলেন, ওই মামলায় হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। সেখানে হাইকোর্ট বলে দিয়েছেন যে, না, এতে কোনো বাধা নেই এবং সেই আদেশের বিরুদ্ধে কোনো আপিলও হয়নি। যেহেতু আমাদের সামনে উচ্চ আদালতের একটি সুনির্দিষ্ট উদাহরণ রয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতির পদকে লাভজনক পদ বলা যাবে না এবং ওই রায়ে বলা আছে, লাভজনক পদ বলতে বুঝাবে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা-কর্মচারী তাদের, অতএব এটি তার (মো. সাহাবুদ্দিন) জন্য প্রযোজ্য নয়। তার রাষ্ট্রপতি পদে আসীন হতে আইনগত কোনো বাধা নেই।