সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হামলা-মামলা, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতা। তারা আরও বলেন, এভাবে সরকার তার মাফিয়াতন্ত্র চালিয়ে যেতে পারবে না। অবিলম্বে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এদের পদত্যাগে বাধ্য করা হবে।
গণতন্ত্র মঞ্চের পক্ষে আজ শনিবার বিকেলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বিবৃতিতে এসব কথা বলেন তারা। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেয় গণতন্ত্র মঞ্চ।
বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বর্তমানে লুটপাট ও দুর্নীতিতে মশগুল থাকা সরকারকে টিকিয়ে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর লাগাতার হামলা-নির্যাতন, গণরুম-গেস্টরুমে নির্যাতন করছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ। এ অবস্থা থেকে মুক্তি পেতে এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।













