• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি-জামায়াতকে জোটবদ্ধভাবে প্রতিহত করা হবে: আমু

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৮
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৮

বিএনপি-জামায়াতকে জোটবদ্ধভাবে প্রতিহত করা হবে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক অভিযাত্রায় সকল ষড়যন্ত্র মোকাবেলায় অতীতের মতো জোটবদ্ধভাবে মাঠে থাকবে ১৪ দল। বাংলাদেশে কোন ষড়যন্ত্র টিকে থাকতে দেয়া হবে না। যারা বাংলাদেশে ১৪/১৫ সালের মতো রাজনৈতিক সহিংসতা চালাতে চায় সেই বিএনপি-জামায়াতকে দলগত ও জোটবদ্ধভাবে প্রতিহত করা হবে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমু বলেন, যারা সেদিন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যাকারীদের সহায়তা করেছে, তাদের দোসর ও উত্তরসূরীরা এখনো বিদ্যমান। তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

১৪ দলের মুখপাত্র বলেন, সকল আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে পুঁজি করে রাজনৈতিক কর্মসূচির নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।

জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য কামরুল আহসান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, তরিকত ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহ-সভাপতি ডা. দিলীপ রায় প্রমুখ।