বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি পর্দায় আজকাল অনিয়মিত। স্বামী, সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটান তিনি। এবার সন্তানের কারণে দেশের বাইরে হেনেস্তা হতে হচ্ছে তাকে। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা হেনস্তা হওয়ার ঘটনাটি এ তারকার মুক্তি প্রতিক্ষীত একটি সিনেমার গল্প। প্রকাশ পেয়েছে এর টেলার। সেখানেই দেখা গেছে এমনটা।
আগামী ১৭ মার্চ মু্ক্তি পাবে রানির ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস’ নরওয়ে নামক ছবি। আজ (২৩ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। সেখানে দেখা গেছে, রানীকে চ্যাটার্জী পরিবারের স্ত্রী হিসেবে। তার স্বামী নরওয়েতে কর্মরত। একসময় দুই সন্তান নিয়ে স্বামীর কর্মস্থল নরওয়েতে চলে যায় সে।
নরওয়ে গিয়েই তার জীবনে নেমে আসে বিপর্যয়। সন্তানদের জন্য দেশটিতে হেনস্তার শিকার হতে হয় তাকে। তার বুক থেকে দেশটির সরকার কেড়ে নেয় তার সন্তানদের। এ সময় রুখে দাঁড়ায় সাদাসিদে জীবন যাপনে অভ্যস্ত মিসেস চ্যাটার্জী। এমন গল্পে নির্মিত হয়েছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’। ট্রেলারেও ফুটে উঠেছে ছবিটির গল্প। এতে তার বিপরীতে আছেন অনির্বাণ ভট্টাচার্য।
ট্রেলারটি বেশ প্রশংসিত হচ্ছে। ছকভাঙা চরিত্রে হাজির হওয়ায় রানির অনুরাগীরাও আপ্লুত। প্রিয় তারকাকে ভিন্ন ভূমিকায় দেখতে ছবিটির মুক্তির অপেক্ষায় আছেন তারা। রানির সবশেষ ছবি ‘মর্দানি ২’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এরপর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে।













