কলাগাছ এখন আর ফেলনা কিছু নয়। বান্দরবানে কলাগাছের সুতা দিয়ে বানানো হলো শাড়ি। এই অসম্ভব কাজটি সম্ভব করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজীর অনুরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাঝেরগাঁও গ্রামের রাধাবতী দেবী। প্রথম চেষ্টাতেই তিনি সফল হয়েছেন। বাংলাদেশের বান্দরবানে কলাগাছের সুতায় তৈরি এটি প্রথম শাড়ি। মাত্র আট দিনে তৈরি করে তাক লাগিয়ে দেওয়া শাড়িটির নাম দেওয়া হয়েছে কলাবতী শাড়ি।

