গাজীপুরের শ্রীপুরের ঘেরে ধরা পড়া মাছটির পরিচয় জানা গেছে। এর নাম মার্বেল গোবি। এই মাছ বাংলাদেশের কোনো নদী বা উন্মুক্ত জলাশয়ে এই প্রথম দেখা গেছে। মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্বেল গোবি মাছ মূলত পূর্ব এশিয়া অঞ্চলে বেশি দেখা যায়। খেতে বেশ সুস্বাদু হওয়ায় ওই অঞ্চলে মাছটি বেশ জনপ্রিয় ও দামি। বাংলাদেশের বেলে মাছের জাতের একটি প্রজাতি এটি। তবে ওই জাতের মধ্যে এটি সবচেয়ে বড় আকৃতির হয়ে থাকে।
গত রোববার শ্রীপুরের বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকায় মো. আবু তালেব নামের এক মাছচাষির ঘেরে প্রায় দুই কেজি ওজনের একটি মাছ ধরা পড়ে। মাছটির বিশাল আকারের মুখ, শরীরের রং দেখতে কিছুটা কালচে। গায়ে হলুদ রঙের ছোপ ছোপ দাগ। এই মাছ দেখে এলাকার লোকজন চিনতে পারছিলেন না। অপরিচিত মাছ ধরা পড়ার খবরে উৎসুক লোকজন সেখানে ভিড় করেন।

