• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি-আ’লীগ আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৫:২৪
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৫:২৪

96663690 15

বিএনপি-আ’লীগ আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

ডেস্ক নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একতরফা নির্বাচনে ভোট চুরির প্রতিবাদে এবং পুনঃনির্বাচনের দাবিতে রাজ পথে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় দু‘পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের কারণে আদালত অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে সঙ্ঘাত এড়াতে আদালত এলাকা চার প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের শতর্ক থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বার ভবন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে কয়েক শ’ আইনজীবী বিক্ষোভ মিছিল করে হাইকোর্ট মাজার গেট দিয়ে রাজপথে প্রবেশ করেন। বিক্ষোভ মিছিলটি মাজার গেট, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ মায়দান হয়ে বাংলাদেশ বার কাউন্সিলের গেট দিয়ে হাইকোর্টে প্রবেশ করে।

বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ : ভোট ডাকাতি ও আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দুপুর সোয়া ১টা থেকে সুপ্রিম কোর্ট অঙ্গন ও রাজপথে বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। তারা ভোট চোর, ভোট চোর স্লোগান দেন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক মো: মহসিন রশিদ, বিএনপির আইন সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ও সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী ও সাবেক সম্পাদক মো: রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব প্রমুখ।

রাজপথে বিক্ষোভে অংশ নেন আইনজীবী মোহাম্মদ আলী, মো: আক্তারুজ্জামান, মোরশেদ আল মামুন লিটন, আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু, মো: শহিদুল ইসলাম সপু, সৈয়দ মো: তাজরুল হোসেন, কেআর খান পাঠান, রেজাউল করিম, মাহফুজুর রহমান মিলন, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো: কামাল হোসেন, সাবেক সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, মো: মাহবুবুর রহমান খান, মো: জহিরুল ইসলাম সুমন, মো: মাকসুদ উল্লাহ প্রমুখ।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বলেন, ‘আজকে তারা সারাদেশের মতো সুপ্রিম কোর্টেও ভোট ডাকাতি শুরু করেছে। ভোট ডাকাতির বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমরা সংগ্রাম শুরু করেছি। আর পিছু পা হব না।’

এডহক কমিটির আহ্বায়ক মো: মহসিন রশিদ বলেন, ‘মিথ্যা মামলা করার প্রতিবাদে আমি বিক্ষোভ প্রতিবাদ সভায় অংশ নিয়েছি। মামলা ভাংচুর চুরি যা কিছু হয়েছে, আওয়ামী লীগের সভাব নিজেরা করে অন্যের ওপর দোষ চাপায়। যেহেতু আমি একটি নির্বাচন করাতে যাচ্ছি, তাই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতি, আমরা আইনজীবীরা আপনাকে অভিভাবক মনে করি। আপনি দয়া করে হস্তক্ষেপ করুন। আইনজীবীদের রক্ষা করুন।’

তিনি আরো বলেন, ‘বর্তমান অরাজত-অস্থিতিশীল পরিবেশ দেশের সর্বোচ্চ আদালতে চলতে পারে না। তাই দেশের স্বার্থে এবং আইনজীবীদের স্বার্থে, আইনের শাসন কায়েমের লক্ষ্যে আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।’

সাবেক সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন বলেন, পুলিশ দিয়ে সরকার ক্ষমতা দখল করে আছে। সুপ্রিম কোর্ট বারও পুলিশ দিয়ে দখলে রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আইনজীবীদের আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।

এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব বলেন, কোনো মামলা দিয়ে, পুলিশ দিয়ে সুপ্রিম কোর্টের আন্দোলন বন্ধ করা যাবে না। আপনাদের মিথ্যা মামলার কারণে আইনজীবীদের ঐক্যবদ্ধ করেছে। সুপ্রিম কোর্ট বারের এই অবৈধ দখলদারদের আইনজীবীরা উচ্ছেদ করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com