• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

অপহরণের পর বিজ্ঞাপন দিয়ে শিশুকে বিক্রি, গ্রেফতার ৫

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৬:৫৮
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৬:৫৮

অপহরণের পর বিজ্ঞাপন দিয়ে শিশুকে বিক্রি, গ্রেফতার ৫

রাজধানীর মোহাম্মদপুর থেকে শিশু সিদ্দিককে অপহরণের পর অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন অপহরণকারী পীযূষ কান্তি পাল (২৯), তার স্ত্রী রিদ্ধিতা পাল (২৫), সুজন সুতার (৩২), পল্লব কান্তি বিশ্বাস (৫২) ও তার স্ত্রী বেবী সরকারকে (৪৬)। ঘটনার ২২ দিন পর গোপালগঞ্জের কোটালীপাড়ার তাড়াসি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত শিশু সিদ্দিককে উদ্ধার করে র‌্যাব।

শুক্রবার (১৯ মে) দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজ মো. আনোয়ার হোসেন খান।

তিনি জানান, গত ২৬ এপ্রিল মোহাম্মদপুরের মনির মিয়া বাজার এলাকায় ৮ বছর বয়সী হুমায়রা, তার ভাই মো. সিদ্দিক (৩) আরও ৭-৮ জন বাচ্চা খেলা করছিল। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি এসে তাদেরকে চকলেট খেতে দেয়। পরে হুমায়রাকে বাসায় চলে যেতে বললে সে কারণ জানতে চায়। উত্তর ব্যক্তিটি বলেন, আমি তোমার ভাইয়াকে বাজার থেকে আম কিনে দেবো। সেখান থেকে সিদ্দিককে অপহরণ করেন ওই ব্যক্তি। পরে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে শিশু সিদ্দিককে প্রনিল পাল নামে পল্লব বিশ্বাস ও বেবী সরকার দম্পতির কাছে ২ লাখ টাকার বিনিময় বিক্রি করে চক্রটি।