নিউজ ডেস্ক
ঈদের রাতে পারিবারিক কলহের জেরে রাজবাড়ীতে গলা টিপে ও পানিতে চুবিয়ে হাসি বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মনিরুল কাজীকে (৪৮) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।
হাসির মা জাহেদা বেগম জানান, ২০ বছর আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মনিরুল কাজীর সঙ্গে সদর উপজেলার সুলতানপুর বানিয়ারী গ্রামের হাসি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাসির বাবার বাড়িতে ঘরজামাই থাকতেন মনিরুল। ২০১৬ সালের ডিসেম্বরে হাসির বাবা মারা যাওয়ার পর থেকে হাসির বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য তাকে চাপ দিত মনিরুল। হাসি জমি বিক্রি করতে চাইত না। ফলে হাসিকে প্রায়ই মারধর করতো তার স্বামী।
বৃহস্পতিবার (২৯ জুন) রাতে এ বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে গোয়াল ঘরে মশার কয়েল দিতে যায় হাসি। এ সুযোগে গোয়াল ঘরে গিয়ে হাসিকে গলা টিপে ও গরুর পানি খাওয়ার হাউসে চুবিয়ে হত্যা করে মনিরুল।
হাসি ও মনিরুল দম্পতির ১২ বছর বয়সী এক ছেলে এবং ১৭ ও ৯ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। এ ঘটনায় হাসির ভাই ইয়াকুব মোল্লা বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, হাসির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মনিরুলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।












