• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দলে দলে শান্তি সমাবেশে আসছেন আ’লীগের নেতাকর্মীরা

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৩:০৬
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৩:০৬

 

নিউজ ডেস্ক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ ডেকেছে নগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ‘বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ডাকা এ কর্মসূচি বিকাল ৩টায় শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে। এতে অংশ নিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন গুলিস্তান এলাকায়।

বুধবার (১২ জুলাই) দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসছেন তারা। দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশে মিছিল ও স্লোগান দিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ নগর আওয়ামী লীগের নেতারা সমাবেশস্থলে রয়েছেন। তারা বলেছেন, বিএনপি যাতে সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তারা সতর্ক অবস্থানে থেকেই সমাবেশে আসছেন।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য এবং নগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা অংশ নেবেন।

এদিকে নগর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীও যোগ দিচ্ছেন।

অ্যদিকে রাজধানীর নয়াপল্টনে আজকের সমাবেশে ‘সরকার পতনের এক দফা’ ঘোষণা দিবে বলে জানিয়েছে বিএনপি। এর বিপরীতে রাজপথে কড়া অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সমাবেশকে কেন্দ্র করে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের উভয়মুখী যান চলাচল অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম