• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এমন ফাঁকা ভোটকেন্দ্র আগে কখনো দেখিনি

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ১২:৩৬
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ১২:৩৬

963

এমন ফাঁকা ভোটকেন্দ্র আগে কখনো দেখিনি

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে এ উপ-নির্বাচনে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি একেবারে কম দেখা গেছে। এমনকি কয়েকটি কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোটই পড়েনি।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের একটি কেন্দ্র গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় একটি ভোটও পড়েনি। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৫৮।

ভোটারের উপস্থিতি কেন কম জানতে চাইলে এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: আতাউর রহমান বলেন, ভোটাররা এখনো আসতে শুরু করেননি। এ এলাকা তো ভিআইপি ও সিআইপিদের এরিয়া। সঙ্গত কারণে বুঝা যাচ্ছে না ভোটারের উপস্থিতি কম হবে না বেশি হবে। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই নগণ্য।

একই চিত্র রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে। এ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। এই কেন্দ্রে পুরুষদের জন্য দুটি ও নারীদের জন্য আলাদা তিনটি ভোটকক্ষ রয়েছে। তবে সকাল থেকেই এখানে ভোটার উপস্থিতি হাতে গোনা কয়েকজন। কোনো কোনো ভোটকক্ষ আবার একেবারেই ফাঁকা, নেই ভোটার।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, মহাখালীর আব্দুল হামিদ দর্জী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় মাত্র ১৬টি ভোট পড়েছে।

এ কেন্দ্রে ভোট দিতে আসেন মোতালেব হোসেন নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘কেন্দ্রে ঢুকে ভোট দিতে এক মিনিটের বেশি সময় লাগেনি। এমন ফাঁকা ভোটকেন্দ্র আগে কখনো দেখিনি।’

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী।

চলতি বছরের ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এমপির মৃত্যুতে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে আসনটি শূন্য হয়।

প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা প্রতীক নিয়ে), জাতীয় পার্টির (লাঙল) সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র আশরাফুল হোসেন আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৫টি ভোটকেন্দ্রের অধীনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫।

১ জুন নির্বাচন কমিশন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। যা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে শূন্য হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com