• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতির মাঠে থাকলেও ক্লাস নেন না প্রাথমিকের শিক্ষক ছাত্রলীগ নেত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৩
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৩

9666985 10

রাজনীতির মাঠে থাকলেও ক্লাস নেন না প্রাথমিকের শিক্ষক ছাত্রলীগ নেত্রী

নিউজ ডেস্ক
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২৪ জানুয়ারি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ছাত্রলীগ নেত্রী শিলা। গত ৮ মাসে তিনি বিদ্যালয়ে উপস্থিত থেকেছেন মাত্র ৫৪ দিন। যদিও রাজনীতিতে সবসময় সক্রিয় রয়েছেন তিনি।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, যোগদানের পর থেকে বিভিন্ন অজুহাতে দিনের পর দিন অনুপস্থিত থাকছেন ছাত্রলীগ নেত্রী শিলা। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলে যোগদানের পর নিয়মিত ক্লাসে যান না তিনি। অধিকাংশ সময়ই ইডেন মহিলা কলেজের হলে অবস্থান করেন। তাছাড়া ছাত্রলীগের কলেজ ও কেন্দ্রীয় রাজনৈতিক কর্মসূচিতেও তাকে দেখা যায়।

সর্বশেষ গত ৯ জুলাই তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি চিকিৎসা ছুটিতে রয়েছেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি মোট তিনবার চিকিৎসা ছুটি নিয়েছেন।

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ম্যাডাম অনেক দিন আগে আমাদের ক্লাস নিয়েছেন তবে মাঝে মাঝে তিনি আমাদের স্কুলে বেড়াতে আসেন।

তবে চিকিৎসার ছুটিতে থাকা অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের নানা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করছেন। গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলে অবস্থিত শেখ হাসিনা মেডিকেল কলেজে ছাত্রলীগের কর্মী সমাবেশে যোগ দেন তিনি। এ ছাড়া গত ১৭ সেপ্টেম্বর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সমাবেশেও অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক ধীরেন চন্দ্র সরকার বলেন, কাগজে-কলমে তিনি বিদ্যালয়ের শিক্ষক কিন্তু তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। তিনি চিকিৎসা ছুটি নিয়ে স্কুলে অনুপস্থিত। ছুটি শেষ হলে আবার নতুন করে আবেদন করেন।

তিনি বলেন, গত আড়াই মাস ধরে তিনি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করছেন না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমলা বলেন, তিনি না থাকায় তার ক্লাসগুলো আমরা ভাগ করে নিচ্ছি, এতে আমাদের ওপরে বাড়তি চাপ পড়ছে।

এ ‍বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী জেবুন নাহার শিলার বক্তব্য জানতে তার সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ ধরেননি। এমনকি মোবাইলে এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফিউল ইসলাম বলেন, তিনি মেডিকেল ছুটিতে আছেন কিন্তু যোগদানের পর থেকে মাত্র ৪৭ দিন স্কুলের উপস্থিত এ বিষয়টি আমার জানা ছিল না। বিদ্যালয়ে গিয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম বলেন, এটা গুরুতর অনিয়ম এটা কখনোই মেনে নেওয়া যায় না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাকে বিষয়টি অবগত করেননি। আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্তপূর্বক খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com